প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন
ওমর ফারুক , ক্যাম্পাস প্রতিনিধি ||
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার। আগামীকাল (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে। এ সম্মাননা পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এবার এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষক রয়েছেন।অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর এবং ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। শিক্ষকতার পাশাপাশি গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতিরও স্বাক্ষর রেখেছেন অধ্যাপক বেলাল হোসাইন। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও রয়েছে তার নাম। তিনি অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে জীববৈচিত্র্য বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৯৩টি এবং মোট সাইটেশন ৯৮৮টি। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে তিনি একাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন।অধ্যাপক বেলাল হোসাইনের গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ। বর্তমানে তিনি নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষকতা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত