প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন, মনোনয়ন প্রত্যাহার ওবায়দুল্লাহ মাসুদের
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন দলটির মনোনয়ন প্রত্যাশী ওবায়দুল্লাহ মাসুদ। এর ফলে আসন্ন উপনির্বাচনে এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। রোববার জেলা নির্বাচন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন ওবায়দুল্লাহ মাসুদ। মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে ওবায়দুল্লাহ মাসুদ জানান, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, "ছাত্রজীবনের শুরু থেকেই বিএনপির পতাকাতলে অবস্থান করছি। এক মুহূর্তের জন্যও দল থেকে বিচ্যুত হইনি। এখন দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করব।" সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটির উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বিএনপির দুই প্রার্থীসহ আরও চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর বৈধ প্রার্থীরা হলেন: দেলাওয়ার হোসেন: ১১-দলীয় ঐক্যের প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।খাদেমুল ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ। আব্দুল আলীম নিজামী: বাংলাদেশ খেলাফত আন্দোলন। হুসাইন মুহাম্মদ ওমর ফারুক: বাংলাদেশ কংগ্রেস।অন্য কোনো প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২৯ অক্টোবর এই পাঁচজন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবেন। উল্লেখ্য যে, বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ২২ আগস্ট আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এই উপনির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো: মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৭ সেপ্টেম্বর । প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ: ৮ অক্টোবর। প্রচারণা শুরু ও শেষ: প্রতীক বরাদ্দের পর থেকে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।ভোটগ্রহণ: আগামী ২৯ অক্টোবর। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওবায়দুল্লাহ মাসুদ আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করায় বিএনপির প্রার্থী হিসেবে এখন শুধু মির্জা ফয়সল আমিনই মাঠে থাকছেন। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত