প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পোরশায় ঘর প্লাস্টারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ গ্রেপ্তার ২
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশায় নতুন ঘর প্লাস্টারের কাজকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—মোঃ আবু হায়াত, মোঃ আবুল কালাম, তার বোন মোসাঃ লতিফা এবং বোন জামাতা মোঃ মাসুদ (৩২)। আহতদের মধ্যে আবু হায়াতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল কালাম (৪০) বাদী হয়ে মোঃ কেরামুদ্দীন (৬০), মোঃ কলিমুদ্দিন (২৮)সহ সাতজনের নাম উল্লেখ করে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে আবুল কালামের নতুন বাড়িতে রাজমিস্ত্রিরা প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র—হাসুয়া, লোহার রড, শাবল ও বাঁশ নিয়ে সেখানে গিয়ে কাজে বাধা দেন। একপর্যায়ে আবুল কালামের ভাই আবু হায়াত প্রতিবাদ করলে ১ নম্বর আসামি মোঃ কেরামুদ্দীনের নির্দেশে ২ নম্বর আসামি মোঃ কলিমুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপ দেন। এতে তার ডান হাতের কবজির হাড় কেটে গুরুতর জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে অন্যরা আবু হায়াতকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও লোহার রড ও শাবল দিয়ে হামলা চালানো হয়। এতে আবুল কালাম, মাসুদ ও লতিফা আহত হন।অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় লতিফার কান থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের চার আনা ওজনের স্বর্ণের দুল এবং আবু হায়াতের কাছে থাকা ব্যবসার নগদ ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আবু হায়াতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহতরা পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলার এজাহারনামীয় আসামি মোঃ কলিমুদ্দিন ও মোঃ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত