প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
প্রতারণা ঠেকাতে নোবিপ্রবিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
ওমর ফারুক , ক্যাম্পাস প্রতিনিধি ||
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় পরিবারের কেউ ভুয়া প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হতে পারেন। প্রতারকরা বিভিন্ন কৌশলে বিকাশ/নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের PIN, OTP, Verification Code ও Account Information সংগ্রহের মাধ্যমে আর্থিক প্রতারণা করে আসছে। এ ধরনের প্রতারণা থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সচেতন ও নিরাপদ রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে PIN, OTP, Verification Code, Password কিংবা Account Information কোনো অবস্থাতেই শেয়ার করা যাবে না। ফোন করে কেউ টাকা পাঠাতে, কোনো কোড জানাতে অথবা কোনো লিংকে প্রবেশ করতে বললেও তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী কিংবা পরিচিত কোনো ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ জানালে যথাযথভাবে পরিচয় ও বিষয়টি যাচাই না করে কোনো ধরনের লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক কোনো ফোনকল, SMS, মেসেজ বা লিংক পাওয়া গেলে তাতে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নিকটস্থ থানায় বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব সদস্যের সচেতনতা গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্কতা ও সচেতনতার মাধ্যমে প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।নোবিপ্রবির রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ৮ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত