প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন।
আবু তাহের , উপজেলা প্রতিনিধি বকশীগঞ্জ ||
জামালপুরের বকশীগঞ্জে পুষ্টি উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন গেইন প্রকল্পের সমন্বয়কারী মো. মাহবুবুল আলম। এ সময় গেইনের কনসালট্যান্ট কানিজা ও স্বেচ্ছাসেবক মুহাইমিন উপস্থিত ছিলেন।সভায় বকশীগঞ্জ পৌরসভাসহ উপজেলার নিলক্ষিয়া, সাধুরপাড়া, বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পরিবারকল্যাণ কেন্দ্রের ভিজিটর, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, ইমাম, সাংবাদিক এবং ইউনিয়ন ও বাজার কমিটির সদস্যরা ছিলেন।সভায় অংশগ্রহণকারীদের কয়েকটি দলে ভাগ করে স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরে দলগুলো তাদের পরিকল্পনা উপস্থাপন করে। এসব পরিকল্পনায় পুষ্টি উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুষ্টি উন্নয়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সামাজিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত