প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি
কাজী মোস্তাফিজুর রহমান , জেলা প্রতিনিধি যশোর ||
যশোর ও নড়াইল জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোনো প্রকার বিঘ্ন যেন না ঘটে, সে লক্ষ্যে অভূতপূর্ব নিরাপত্তা বলয় গড়ে তুলেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬, সিপিসি-৩ যশোর)। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজেদের নিবিড় নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায় থেকে শুরু করে কৌশলগত পয়েন্টগুলোতে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় যশোর শহরের বেজপাড়া আশ্রম রোডস্থ রামকৃষ্ণ আশ্রম পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান এসআরবি-৬ সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক যশোর লেফটেন্যান্ট কমান্ডার মো: নাঈম উল হক। প্রেস ব্রিফিং এ সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, এ বছর যশোর ও নড়াইল সীমান্ত ও জেলাজুড়ে সর্বমোট ১ হাজার ২৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার উৎসব চলছে। এর মধ্যে এককভাবে যশোর জেলায় ৭৪৬টি এবং নড়াইল জেলায় ৫৩২টি মণ্ডপ রয়েছে। পূজা মণ্ডপগুলোতে দর্শনার্থী ও ভক্তদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত এবং পূর্ণ নিরাপত্তা দিতে এসআরবি সদর দপ্তরের সরাসরি দিকনির্দেশনায় বিশেষ অভিযান ও নজরদারি শুরু হয়েছে।গৃহীত নিরাপত্তা কৌশলের বিবরণ দিয়ে তিনি বলেন, পুরো এলাকা জুড়ে কার্যকর রয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। শহরের এবং সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সার্বক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির পাঁয়তারা রুখে দিতে পূজা মণ্ডপগুলোর আশপাশে গোয়েন্দা বিভাগের বিশেষ টিম এবং সাদা পোশাকে ছায়া টিমের উপস্থিতি বাড়ানো হয়েছে।এ সময় তিনি আরও জানান, মাঠ পর্যায়ে নিয়োজিত এসআরবির সুসজ্জিত টহল দল ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পাহারা দিচ্ছে। তাছাড়া ,পুরো কার্যক্রম পরিচালনার জন্য খোলা হয়েছে একটি বিশেষ মনিটরিং সেল।তিনি স্পষ্ট করেন যে, জেলা বা উপজেলা পর্যায়ে নিরাপত্তার কোনো ত্রুটি নাই এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আনসার-ভিডিপিসহ সকল সদস্য একযোগে কাজ করছেন বিধায় সনাতন ধর্মাবলম্বীরা সম্পূর্ণ আতঙ্কহীন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত