প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
পাইকগাছায় নিষিদ্ধ নমুনা ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা
মোঃ হাবিবুল্লাহ গাজী, উপজেলা প্রতিনিধি পাইকগাছা ||
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহ করা নমুনা ওষুধ (Physician’s Sample) বিক্রির দায়ে চারটি ওষুধের ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বোয়ালিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।অভিযানে মেসার্স দেবী ফার্মেসি, মেসার্স ইমরান ফার্মেসি, মেসার্স রহিম ফার্মেসি ও মেসার্স রোজিনা ফার্মেসিকে জরিমানা করা হয়। ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় ‘Physician’s Sample’ লেখা নমুনা ওষুধ বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।আইন অনুযায়ী, চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহ করা এবং ‘Physician’s Sample — Not for Sale’ লেখা ওষুধ সাধারণভাবে বিক্রির জন্য নয়। এসব ওষুধের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত