প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজনে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল জাতীয় ছাত্রশক্তি
ওমর ফারুক , ক্যাম্পাস প্রতিনিধি ||
জাঁকজমকপূর্ণ আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০০ নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দলটির শীর্ষ নেতা আবদুল হান্নান মাসুদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার। এছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও নোবিপ্রি শাখার অন্যান্য নেতৃবৃন্দ। নোবিপ্রি ছাত্রশক্তির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "পুরনোদের রাজনীতির দিন শেষ।" নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারের উদ্যোগে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি নবীন শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের স্বার্থে যুবসমাজকে সবসময় সামনের সারিতে থাকতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব ও লেজুড়বৃত্তিক রাজনীতির দিন শেষ হয়ে মেধা, যোগ্যতা ও শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক রাজনীতির সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের দেশের সম্পদে পরিণত করতে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় ছাত্রশক্তি সর্বদা সচেষ্ট থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল শাহরিয়ার বলেন, ছাত্র শক্তি নোবিপ্রবি শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীন বরণ অনুষ্ঠানটি আমাদের মুগ্ধ করেছে। ওভারঅল সবকিছু খুব চমৎকার ছিল। এ ধরনের বরণ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তারা এই ধারা অব্যাহত রাখবে। আরেক শিক্ষার্থী সাইমা জান্নাত বলেন, আজকের অনুষ্ঠানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি সবসময় চাইবো ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম শিক্ষার্থীবন্ধ হোক। শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে তারা সবসময় কাজ চালিয়ে যাক। এটাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত