প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ফুলগাজী উপজেলার দৌলতপুর সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি
মুহাম্মাদ ইয়াছিন হোসাইন , উপজেলা প্রতিনিধি ফুলগাজী (ফেনী) ||
ফুলগাজী উপজেলার দৌলতপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক, পথচারী ও ব্যবসায়ীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের আসা-যাওয়াও ব্যাহত হতো।অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে।সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সড়কটি সিসি ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হবে। সড়কটির প্রশস্ততা হবে ৩ মিটার এবং লেভেল করা হবে প্রায় দেড় ফুট।স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত। কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা আশা করছেন।দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়াকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, নির্মাণকাজ মানসম্মতভাবে সম্পন্ন হলে দৌলতপুর সড়কটি হয়ে উঠবে আরও চলাচলবান্ধব।ছবি: ফুলগাজীর দৌলতপুর সড়কের উন্নয়নকাজ।প্রতিবেদন ইনসাফ টাইম ২৪
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত