প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
নিউইয়র্কে ‘লেখকের অঙ্গন’-এর ২৭তম গ্রন্থালোচনা সভা
হাকিকুল ইসলাম খোকন ||
কুইন্স পাবলিক লাইব্রেরিতে বাংলা সাহিত্যচর্চায় প্রবাসী লেখক-সাহিত্যিকদের প্রাণবন্ত মিলনমেলাপ্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে ‘লেখকের অঙ্গন’-এর ২৭তম গ্রন্থালোচনা সভা। গত শনিবার (১১ জুলাই ২০২৬) আয়োজিত এ সাহিত্যসভায় প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক, গবেষক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।প্রয়াত কবি শহীদ কাদরী-র সাহিত্যভাবনা ধারণ করে তাঁর সহধর্মিণী এবং ‘লেখকের অঙ্গন’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক নীরা কাদরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাংলা সাহিত্যচর্চার একটি সৃজনশীল ও প্রাণবন্ত পরিসর গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগে নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে বইপাঠ, গ্রন্থালোচনা এবং সাহিত্যবিষয়ক মুক্ত মতবিনিময়ের মাধ্যমে গড়ে উঠেছে একটি অনন্য সাহিত্যিক সেতুবন্ধন, যা প্রবাসে বাংলা সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।অনুষ্ঠানের শুরুতে কবি ও সাবেক ব্যাংকার মহিবুর রহমান জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘গল্পসমগ্র’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, হুমায়ূন আহমেদের গল্পে সাধারণ মানুষের জীবন, সুখ-দুঃখ, প্রেম, সম্পর্ক ও মানবিক অনুভূতির অসাধারণ শিল্পরূপ ফুটে উঠেছে। তাঁর সহজ অথচ শক্তিশালী ভাষা এবং জীবন্ত চরিত্র নির্মাণ বাংলা কথাসাহিত্যকে সমৃদ্ধ করেছে।এরপর কবি ও সাহিত্যিক এবিএম সালেহউদ্দিন প্রয়াত সিরাজুল হক-এর ‘বেদনার তিমিরে’ গ্রন্থের ওপর আলোকপাত করেন। তিনি গ্রন্থটিকে গভীর জীবনবোধ, মানবিক অনুভূতি এবং আত্মঅনুসন্ধানের এক অনন্য সাহিত্যকর্ম হিসেবে উল্লেখ করেন।কবি ও লেখক সুরীত বড়ুয়া বিশ্বখ্যাত উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টো-র ‘কালো সীমানা’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশভাগ, সাম্প্রদায়িকতা, সহিংসতা এবং মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতা তুলে ধরতে মান্টোর সাহসী ও নির্ভীক লেখনী আজও সমান প্রাসঙ্গিক।বিশিষ্ট কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস আব্দুল্লাহ জাহিদ-এর ‘আমেরিকায় রবীন্দ্রনাথ’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও চিন্তার আন্তর্জাতিক প্রভাবকে গবেষণাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছে এবং রবীন্দ্রগবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।লেখক ওবায়দুল্লাহ মামুন বেবী হালদার-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আলো আঁধারি’ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সংগ্রাম, আত্মমর্যাদা, বৈষম্য ও আত্মপ্রতিষ্ঠার বাস্তব জীবনচিত্র এই গ্রন্থকে বাংলা সাহিত্যে একটি ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।সবশেষে লেখক ও গবেষক আহমাদ মাযহার ‘আব্দুল হক জন্মশতবর্ষ স্মারক গ্রন্থ’ (সম্পাদক: সৈয়দ আজিজুল হক ও মোবারক হোসেন) নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ভাষাবিদ ও সাহিত্যিক আব্দুল হকের জীবন, কর্ম, সাহিত্যভাবনা ও অবদানকে ধারণ করে গ্রন্থটি একটি মূল্যবান প্রামাণ্য সংকলনে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে লেখিকা রানু ফেরদৌস, শৈবালসহ প্রবাসী সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির ম্যানেজার শান্তে গেন্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বাংলা সাহিত্যচর্চার এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত