প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইখতিয়ার রহমান কবির
মোঃ জাকারিয়া হোসেন ||
নিজস্ব প্রতিবেদক | গলাচিপা (পটুয়াখালী)পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী ইখতিয়ার রহমান কবির।সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠিত হলে সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহলের প্রত্যাশা, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা-উপকরণ সংযোজন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইখতিয়ার রহমান কবির বলেন, “আটখালি মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”
এদিকে, বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি পাবে বলে তারা আশাবাদী। বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত