প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহা, জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সরকার: নাহিদ ইসলাম
মোঃ জাকারিয়া হোসেন, মোঃ জাকারিয়া হোসেন ||
জুলাই সনদ, বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবি; শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের আহ্বানজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের পর বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, তার অধিকাংশই এখনও বাস্তবায়নের মুখ দেখেনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রধান তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচন সম্পন্ন হলেও বিচার ও সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনও কার্যকর হয়নি, যা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, গণভোটে বিপুল সংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই জনরায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি কেবল মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সংবিধান সংস্কার কমিশন গঠনসহ ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক।শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আদালতের দেওয়া রায় বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদ পরিবার ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায়বিচারের স্বাদ পাবে। পাশাপাশি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট অন্যান্য মামলার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরেরও দাবি জানান তিনি।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিক হয়, তাহলে জাতীয় স্বার্থে বিরোধী দল হিসেবে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তবে জনগণের মতামত উপেক্ষা করে বা গণভোটের রায়ের বাইরে গিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে তাতে এনসিপি অংশ নেবে না বলেও স্পষ্ট করেন তিনি।এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই-পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার, বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে মতপার্থক্য নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত