প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ সশস্ত্র আনসার মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা
মোঃ জাকারিয়া হোসেন, মোঃ জাকারিয়া হোসেন ||
চিকিৎসক-নার্সের কর্মপরিবেশে স্বস্তি, রোগী ও স্বজনদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল চিকিৎসাসেবা নিশ্চিতের প্রত্যাশা
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের প্রত্যাশিত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে সাতজন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১ জুলাই থেকে তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালের নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এ উদ্যোগের ফলে হাসপাতালের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং চিকিৎসাসেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, সশস্ত্র আনসার সদস্যদের দায়িত্ব পালনের ফলে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা এখন অনেক বেশি নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনরাও নির্বিঘ্ন ও সুশৃঙ্খল পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
তিনি জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি ছিল। দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়িত হওয়ায় চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের কর্মপরিবেশ আরও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গলাচিপা-দশমিনা আসনের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, ইউএইচএফপিও ফোরাম এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. মেজবাহ উদ্দিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরাপত্তা জোরদার হওয়ায় হাসপাতালের ভেতরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং রোগী-স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের প্রত্যাশা, সশস্ত্র আনসার সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত