প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
মোঃ জাকারিয়া হোসেন ||
রাজধানী ঢাকায় যানবাহনের অতিরিক্ত হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে, ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়।এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো যানবাহনের হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়।প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি ঢাকার আরও অন্তত ৫০টি স্থানে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশনা দেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত