প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি: ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসাসেবা
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
সম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে।জানা গেছে, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় জনগোষ্ঠীর জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাহিনীটি।এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমবিবিএস, এমফ্যামসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়ামুড়া ও ক্রীলাইংপাড়া এলাকায় বিজিবির ক্রীলাইংপাড়া চেকপোস্টে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে সীমান্তবর্তী দুর্গম এলাকার সাধারণ মানুষও এ সেবার আওতায় চিকিৎসা গ্রহণের সুযোগ পান।আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।মেডিকেল ক্যাম্পে বিজিবির বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত