প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
জুলাই '২৪-এর শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে পাইকগাছায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
মোঃ হাবিবুল্লাহ গাজী, পাইকগাছা উপজেলা প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই '২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ, পঙ্গু ও আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই '২৪-এর শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পথ আরও সুদৃঢ় হবে। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আহত ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীমাওলানা আমিনুল ইসলাম। তিনি জুলাইয়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতিমুহা. অয়েসকুরনি। তিনি জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদ ও মুগ্ধ-এর আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের সাহস, ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে ন্যায় ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করবে। তিনি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই '২৪-এর শহীদদের আত্মত্যাগ, আহত ও পঙ্গুদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠান শেষে জুলাই '২৪-এর সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, পঙ্গুদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত