প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
ফুটবল সমর্থকদের সংঘর্ষে ফতুল্লায় আহত ৮, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ
মোঃ জাকারিয়া হোসেন ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের পাশাপাশি পটকা ফাটানোর অভিযোগ ওঠে। সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল দলের সমর্থক। তার সঙ্গে ওই এলাকায় আরও প্রায় অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছেন। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনা দলের সমর্থক। তার পক্ষেও প্রায় অর্ধশত সমর্থক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে ব্রাজিলের পরাজয়ের পর হাবিবসহ আর্জেন্টিনা সমর্থকেরা এলাকায় আনন্দ-উল্লাস করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে সোমবার আর্জেন্টিনার পরাজয়ের পর অপূর্বসহ ব্রাজিল সমর্থকেরা উল্লাস করলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হাবিবসহ আর্জেন্টিনা সমর্থকেরা ব্রাজিল সমর্থকদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে ব্রাজিল সমর্থকদের একটি দল আর্জেন্টিনা সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন নারীসহ একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনাস্থল ত্যাগের সময় কয়েকটি পটকা ফাটানো হয়েছে বলেও স্থানীয়রা জানান।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন বাসিন্দাও সেখানে জড়ো হন। পরে তারা আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে ব্রাজিল সমর্থকদের কয়েকজনকে মারধর করেন বলে জানা গেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ফুটবল বিশ্বকাপে দল সমর্থনকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন সেখান থেকে চলে যায়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত