প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শ্রেষ্ঠদের সম্মাননা অবসরপ্রাপ্তদের সংবর্ধনা
মোঃ জাকারিয়া হোসেন ||
বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্স গ্রাটিটিউড হলে জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।নিয়মিত এ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা এবং সমস্যা খোলামেলাভাবে তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণ করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।সভায় পিআরএল (PRL)-এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া সদস্যদের হাতে পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালন করা সহকর্মীদের বিদায়ের এ পর্বে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।এছাড়া জুন-২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, যোগ্য কাজের যথাযথ মূল্যায়ন পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে।অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত 'দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়'-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত