প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
প্রথমবার লামায় এসপি ওহাবুল ইসলাম: জনগণের সঙ্গে মতবিনিময়, অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লামা থানা পরিদর্শন করলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়।সকালের দিকে তিনি লামা থানায় পৌঁছালে ওসি মোহাম্মদ কাইছার হামিদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসআই নাজমুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয় এবং পুলিশ প্যারেডের আয়োজন করা হয়।এরপর থানা ভবনের তৃতীয় তলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসি কাইছার হামিদ। প্রধান অতিথি এসপি ওহাবুল ইসলাম খন্দকার বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর।তিনি আরও বলেন, "মাদক সেবন, মাদক কারবার, নারী ও শিশু নির্যাতন এবং আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ সমাজ গড়তে হলে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে।"সভায় মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা। তারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এসপি প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, এনজেড একতা মহিলা সমিতির চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত