প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
প্রতিশ্রুতি মিললেও মেলেনি উন্নয়ন: বেহাল সড়কে চরম দুর্ভোগে দশমিনার শিক্ষার্থী ও এলাকাবাসী
মো আবু বকর , দশমিনা প্রতিনিধি: ||
পটুয়াখালীর দশমিনা উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অংশ এবং ৯ নম্বর ওয়ার্ডের উত্তর অংশের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করলেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় ছোট ছোট যানবাহন চলাচলও ব্যাহত হয়, যা এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।এলাকাবাসীর ভাষ্য, প্রতিটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থী সড়কটি সংস্কার বা পাকা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না। বছরের পর বছর একই অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটি শুধু একটি গ্রামের নয়, আশপাশের কয়েকটি এলাকার মানুষেরও চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে হচ্ছে।এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার বা পাকা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত