প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক সহযোগিতায় নতুন অধ্যায় নোবিপ্রবি-পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
ওমর ফারুক।, মোঃ জাকারিয়া হোসেন ||
উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের (Pamukkale University) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ চুক্তিতে নোবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর স্বাক্ষর করেন। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা ও বৈজ্ঞানিক কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক সম্পর্ক জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ গুঙ্গোর বলেন, এ সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে যৌথ গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।অনুষ্ঠানে নোবিপ্রবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. শহিদ সারওয়ারসহ দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চুক্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা পরিচালনা, সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন, বৈজ্ঞানিক প্রকাশনা বিনিময় এবং গবেষণা ও উন্নয়ন (R&D) কার্যক্রম বাস্তবায়নে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত