প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানে প্রতিমন্ত্রী ফরহাদ আজাদের প্রশংসনীয় উদ্যোগ
মোঃ নুর আলম পুলক , জেলা প্রতিনিধি পঞ্চগড় ||
কোনো জাতির ইতিহাসে আত্মত্যাগের অধ্যায় শুধু স্মৃতিতে সংরক্ষিত থাকে না, রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও মানবিক দায়বদ্ধতার মধ্য দিয়েও তার প্রতিফলন ঘটে। সেই দায়বোধের বাস্তব অনুশীলন হিসেবে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক নিয়োগের সুযোগকে তিনি শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর এক অর্থবহ মাধ্যম হিসেবে গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তাঁর নির্বাচনী এলাকার বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগের সুপারিশ করা হয়।জানা গেছে, শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের অভিমত, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কেবল একটি প্রশাসনিক দায়িত্বই পালন করেননি; বরং আত্মত্যাগের মর্যাদাকে বাস্তব সম্মানে রূপ দেওয়ার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।স্থানীয় সচেতন মহলের মতে, এমন উদ্যোগ রাষ্ট্রের কৃতজ্ঞতাবোধের প্রতিফলন। এটি শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজে দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক বার্তা বহন করবে।এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, "মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে দেবীগঞ্জ উপজেলার জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে সুপারিশ করা হয়েছে।"রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থানের মাধ্যমে সম্মানিত করার এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী, মানবিক ও অনুকরণীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত