প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
মোঃ সাখাওয়াত হোসেন মামুন । ||
৩ টাকার টিকিট ৫ টাকায় বিক্রি, সাদা কাগজে সিল ব্যবহারের দাবি; তদন্তের আশ্বাস নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি নির্ধারিত ৩ টাকার টিকিটের পরিবর্তে ৫ টাকা আদায় এবং নির্ধারিত টিকিটের বদলে সাদা কাগজে সিল মেরে রোগীদের কাছে তা সরবরাহের অভিযোগ উঠেছে। একই সঙ্গে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন রোগী। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।স্থানীয় সূত্র ও হাসপাতালের সেবা নিতে আসা কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ ও জরুরি বিভাগের জন্য সরকারি নির্ধারিত টিকিটের পরিবর্তে সাদা কাগজে সিল মেরে রোগীদের দেওয়া হচ্ছে এবং এ বাবদ ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।সরেজমিনে টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মচারী মো. আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে।অভিযোগ রয়েছে, টিকিট ক্লার্ক মো. আনোয়ার হোসেন ও হাসপাতালের প্রধান ক্যাশিয়ার মোহাম্মদ বিনের যোগসাজশে দীর্ঘদিন ধরে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।হাসপাতালে চিকিৎসা নিতে আসা আগিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বকুল মিয়া অভিযোগ করেন, তাঁর কাছ থেকে ৩ টাকার টিকিটের জন্য ৫ টাকা নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, চিকিৎসা নেওয়ার পরও প্রয়োজনীয় ওষুধ পাননি। ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা রানা মিয়াও অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে যাতায়াতে প্রায় ৭০ টাকা ব্যয় করেও তিনি অল্প কিছু ওষুধ পেয়েছেন।বকুল মিয়া বলেন, “সরকারি টিকিটের পরিবর্তে সাদা কাগজে সিল মেরে টাকা নেওয়া অনিয়ম। প্রতিদিন যদি এভাবে অতিরিক্ত অর্থ নেওয়া হয়, তাহলে মাস ও বছরে বড় অঙ্কের অর্থ আদায় হচ্ছে।”বুধবার হাসপাতাল পরিদর্শনে আসেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুম মোস্তফা, নেত্রকোনা জেলার সিভিল সার্জন এবং পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান এবং পূর্বধলা আসনের সংসদ সদস্য মানসুরা আলম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী ৩ টাকার টিকিটের জন্য ৫ টাকা বা তার বেশি নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত