প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
পাথরঘাটায় সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমী প্রচারাভিযান
মোঃ জাকারিয়া হোসেন ||
কলস হাতে শত শত নারীর অংশগ্রহণে উপকূলবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিতের আহ্বানউপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ ও সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নারী কলস হাতে অংশ নিয়ে নিরাপদ পানির সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন।“আমাদের পানি, আমাদের অধিকার (Our Water, Our Right)” প্রতিপাদ্যকে সামনে রেখে যুব নেটওয়ার্ক অ্যাক্টিভিস্তা এ প্রচারাভিযানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, সমাজসেবক ইরফান আহমেদ সোয়েন, সমকাল পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ইউনিয়ন সিপিপি টিম লিডার মো. হারুন অর রশিদ এবং সমাজসেবক মো. রুস্তুম আলী হাওলাদার।প্রচারাভিযানে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল শত শত নারীর কলস হাতে অংশগ্রহণ, যা উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির তীব্র সংকটের প্রতীকী প্রতিবাদ হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ সুপেয় পানির সংকটের কারণে পাথরঘাটাসহ উপকূলীয় জনপদে নিরাপদ পানির সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।প্রধান অতিথি মো. তরিকুল ইসলাম স্থানীয় জনগণের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু একটি সচেতনতামূলক কর্মসূচি নয়; বরং নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মানবিক উদ্যোগ।
অ্যাক্টিভিস্টা বরগুনার সদস্য মো. জাকির হোসেন নাইম বলেন, এই প্রচারাভিযানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ ও সুপেয় পানির সংকটকে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরাই তাদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত