প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বাধা দিল বিজিবি
মোঃ রাজিব হোসেন। ||
কুষ্টিয়ার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সহায়তায় ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি জানায়, ভারতীয় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে ৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।এ সময় বিজিবির টহলদল ঘটনাটি শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে সংশ্লিষ্ট ব্যক্তিরা নদীপথেই ফিরে গিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ পুশইনের এ প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত