প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
পঞ্চগড়ে বৃক্ষমেলা সবুজায়নের আহ্বান: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
মোঃ নুর আলম পুলক , জেলা প্রতিনিধি পঞ্চগড় ||
সবুজে মোড়ানো একটি ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। এ উপলক্ষে শুক্রবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সেখানে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, "প্রতিনিয়ত আমাদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, তার একটি বড় অংশই আসে বৃক্ষ থেকে। কিন্তু আমরা সেই প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছি না। দেশের দক্ষিণাঞ্চলে এই সংকট তুলনামূলক কম হলেও উত্তরাঞ্চলে সবুজায়নের প্রয়োজনীয়তা আরও বেশি।"তিনি আরও বলেন, "এই বৃক্ষমেলা থেকেই আমাদের শপথ নিতে হবে, পারিবারিক কিংবা সামাজিক যেকোনো অনুষ্ঠানে বৃক্ষরোপণের কথা বলব এবং মানুষকে উদ্বুদ্ধ করব। আমার বিশ্বাস, একটি মানুষ মানে একটি গাছ, আর একটি পরিবার মানে অন্তত পাঁচটি গাছ। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দিরসহ প্রতিটি প্রতিষ্ঠানকে সবুজে আচ্ছাদিত করতে হবে।"তরুণদের উদ্দেশে তিনি বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পাশাপাশি অন্তত একটি বৃক্ষ রোপণ করুন এবং সেটির যত্ন নিন। তাহলেই আমরা সম্মিলিত প্রচেষ্টায় গোটা বাংলাদেশকে সবুজে ভরিয়ে তুলতে পারব।"প্রতিমন্ত্রী আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আগামী পাঁচ বছরে সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পঞ্চগড়ের এ বৃক্ষমেলা সেই কর্মসূচিরই অংশ।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত