প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
আন্দোলনের মধ্যেই মোদি সরকারের এক মন্ত্রীর পদত্যাগ
মোঃ রাজিব হোসেন। ||
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু।আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। গত জুন মাসেই রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়েছিল।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে রাভনীত সিং বিট্টু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আম আদমি পার্টি (আপ) পরিচালিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির অবস্থান শক্তিশালী করার কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।তিনি আরও বলেন, ভারতের জনগণ, বিশেষ করে তার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করতে পারা তার জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে তিনি অটল থাকবেন এবং নতুন উদ্যমে মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন।পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়।
সূত্র: এনডিটিভি।
ছবি: দৈনিক ইত্তেফাক থেকে সংগৃহীত।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত