প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
ইতিহাস বিকৃতির অভিযোগ টুকুর, ‘ক্ষমতায় এলেই সবকিছু নিজেদের নামে করেছে আ.লীগ’
||
আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও রাষ্ট্রীয় অর্জন নিজেদের নামে নেওয়ার অভিযোগ তুলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ইতিহাসকে রাজনৈতিকভাবে নয়, প্রকৃত ঘটনা ও তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। তার দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের বিভিন্ন অর্জন নিজেদের নামে প্রচার করেছে এবং ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করেছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের হোটেল মমো-ইনে আয়োজিত ‘উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ইতিহাস কখনো শেষ হয়ে যায় না। সময়ের সঙ্গে নতুন তথ্য সামনে আসে এবং সেসব তথ্যের ভিত্তিতেই ইতিহাসের মূল্যায়ন হওয়া উচিত। ইতিহাসকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত করলে তা সঠিক থাকে না। ইতিহাস চর্চা ও নিরপেক্ষ মূল্যায়নের দায়িত্ব ইতিহাসবিদদের।বিএনপির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের ইতিহাসে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে। তার মতে, জনগণের বিএনপির প্রতি আস্থা রয়েছে এবং নানা রাজনৈতিক আলোচনা ও কৌশলের পরও সর্বশেষ নির্বাচনে মানুষ বিএনপিকেই সমর্থন দিয়েছে।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেরও প্রশংসা করেন। টুকু বলেন, গত ছয় মাসে তারেক রহমান প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নিয়েছেন। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা বাস্তবায়নে তিনি গুরুত্ব দিচ্ছেন। জনগণের করের টাকায় যাদের বেতন হয়, তাদের সময়মতো দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।মন্ত্রী আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়গুলোর কার্যক্রম মাইক্রো লেভেল পর্যন্ত পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া যায়, সেগুলো সম্পর্কেও তিনি মন্ত্রীদের অবহিত থাকতে বলছেন। এতে মন্ত্রণালয়গুলোর জবাবদিহি ও প্রস্তুতি বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জিয়াউর রহমান যেমন দেশের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে কাজ করেছিলেন, তেমনি তারেক রহমানও দেশের উন্নয়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিদ্যুৎ খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। যারা নিজেদের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাদের জন্য সিটি করপোরেশন করেও ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান, উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ১০ জন সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উত্তরাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত