প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্র
মোঃ রাজিব হোসেন। ||
ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের প্রভাবে স্পেনে অবস্থিত নাসার অন্যতম গুরুত্বপূর্ণ গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্র খালি করা হয়েছে। এর ফলে দূর মহাকাশে থাকা বিভিন্ন মহাকাশযানের সঙ্গে নাসার যোগাযোগ কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে।নাসা জানিয়েছে, মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রোবলেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে।মার্কিন মহাকাশ সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, দাবানল ইতোমধ্যে কেন্দ্রটির এলাকা অতিক্রম করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।নাসা আরও জানিয়েছে, কেন্দ্রটির সব কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।এমডিএসসিসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক (ডিএসএন)-এর একটি অংশ। বিশ্বের তিনটি স্থাপনা নিয়ে গঠিত এই নেটওয়ার্কের মাধ্যমে দূর মহাকাশে অবস্থানরত বিভিন্ন মহাকাশযান ও অনুসন্ধান মিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হয়। অন্য দুটি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে। নাসা জানিয়েছে, স্পেনের কেন্দ্রটি খালি করার পরও বাকি দুটি কেন্দ্রের মাধ্যমে মিশন পরিচালনার কার্যক্রম নির্বিঘ্নে চলছে।বিবৃতিতে নাসা বলেছে, ‘আমাদের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে দাবানলে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দা ও তাদের পরিবারের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে।’
সূত্র: দেশ রূপান্তর
ছবি: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত