প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি
এস এম সাহান , জেলা প্রতিনিধি ফরিদপুর ||
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিজন জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবন-জীবিকার উন্নয়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদার। বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক রিপন হাড়ি, বিদ্যুৎ হাড়িসহ সংগঠনের অন্যান্য নেতারা।বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনিগুলো পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে, যা মানবিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তারা বলেন, কোনো হরিজন কলোনি উচ্ছেদের আগে সেখানে বসবাসকারী প্রতিটি পরিবারের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।এ সময় তারা পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৮০ শতাংশ কোটার কার্যকর বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সরকারি হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়োগের সুযোগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিলের আহ্বান জানান।বক্তারা বলেন, “আমরা এ দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক। কিন্তু বাস্তবে শিক্ষা, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্যের অবসান ঘটিয়ে সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করতে হবে।”
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত