প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার অভিযোগে দুইজন গ্রেপ্তার ৩ ঘণ্টায় বিকাশ অ্যাকাউন্টে প্রায় ১ কোটি টাকার লেনদেনের দাবি পুলিশের
মোঃ রাজিব হোসেন। ||
পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাত্র তিন ঘণ্টায় একটি বিকাশ অ্যাকাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।গ্রেপ্তার দুজন হলেন বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে সমির চন্দ্র খরাতী (৪০)।মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে আটক করা হয়।অভিযানকালে তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পরে সমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রাম থেকে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত