প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মাদকমুক্ত প্রজন্ম গঠনে পটুয়াখালী সরকারি কলেজে সচেতনতা সভা
মোঃ জাকারিয়া হোসেন। ||
জেলা প্রশাসকের আহ্বান— মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সম্মিলিত সামাজিক প্রতিরোধ
মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে তরুণ প্রজন্মকে সচেতন করতে পটুয়াখালী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক আলোচনা সভা। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর যৌথ উদ্যোগে রোববার (২৬ জুলাই) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও বিপন্ন করে। তাই মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "মাদককে না বলুন, সুস্থ ও সৃজনশীল জীবনকে হ্যাঁ বলুন। সচেতনতা ও নৈতিক মূল্যবোধই একটি মাদকমুক্ত সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি।"আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন জীবনযাপনের এ উদ্যোগের অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ‘Green Thyself’-এর ব্যাজ ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ, নিরাপদ ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত