প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ফেসটাইম ব্যবহার করে নতুন কৌশলে প্রতারণা, আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল
মোঃ রাজিব হোসেন। ||
আইফোনের ফেসটাইম অ্যাপকে ব্যবহার করে নতুন ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, সাইবার অপরাধীরা ভিডিও কলে নিজেদের ব্যাংকের কর্মকর্তা, প্রযুক্তিসহায়তাকর্মী, সরকারি সংস্থার প্রতিনিধি কিংবা পরিচিত ব্যক্তি পরিচয়ে ব্যবহারকারীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। এরপর ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য সংগ্রহ করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।অ্যাপলের তথ্য অনুযায়ী, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করা তুলনামূলক সহজ। কারণ, ভিডিওতে সরাসরি মুখোমুখি কথা বলার সুযোগ থাকায় অনেকেই কলকারীর পরিচয় নিয়ে সন্দেহ করেন না। প্রতারকেরা এই মানসিক প্রবণতারই সুযোগ নিচ্ছে।প্রতারণার শুরুতে সাধারণত একটি খুদে বার্তা পাঠানো হয়। সেখানে ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে বিষয়টি যাচাই বা সমাধানের জন্য ফেসটাইম ভিডিও কলে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়।ভিডিও কলে সংযুক্ত হওয়ার পর ব্যবহারকারীকে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ, অর্থ স্থানান্তর কিংবা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেওয়ার সময় স্ক্রিন শেয়ার করতে অথবা পর্দার ছবি পাঠাতে রাজি করানো হয়। এর মাধ্যমে পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড প্রতারকদের হাতে চলে যায়। পরে এসব তথ্য ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়।এ ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ফেসটাইম কল বা আমন্ত্রণসংক্রান্ত লিংক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে অ্যাপল। একই সঙ্গে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির কাছে অভিযোগ জানানোর আহ্বানও জানানো হয়েছে।অ্যাপল আরও জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইমে যোগাযোগ করে পাসওয়ার্ড, ওটিপি বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এ ধরনের অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।প্রযুক্তিসহায়তার নামেও একই ধরনের প্রতারণা হচ্ছে বলে জানিয়েছে অ্যাপল। এ ক্ষেত্রে প্রথমে ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয় যে আইফোন হ্যাক হয়েছে বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করেছে। পরে প্রযুক্তিসহায়তাকর্মী পরিচয়ে ভিডিও কলে যুক্ত হয়ে নজরদারি সফটওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন অথবা লগইন তথ্য দিতে প্ররোচিত করা হয়। এতে ব্যবহারকারীর অজান্তেই আইফোনে থাকা বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে আগে থেকে ধারণ করা ভিডিও, বিভিন্ন ফিল্টার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছে। তাই ফেসটাইমে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার না করা এবং সন্দেহজনক ভিডিও কল পেলেই সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: ডেইলি মেইল
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত