প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন দিল্লি পুলিশের ডিসিপি, দাবি প্রতিবেদনে
||
ভারতের নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের একজন ডিসিপি পদমর্যাদার কর্মকর্তার নির্দেশে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল বলে দাবি করেছে গণমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার (২৮ জুলাই) পার্লামেন্ট স্ট্রিট থানার ২২ জুলাইয়ের একটি জেনারেল ডায়েরির নথির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।ডায়েরির নথিতে বলা হয়েছে, গত ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলন তীব্র হয়ে উঠলে দায়িত্বে থাকা ডিসিপির নির্দেশে আরএএফ সদস্যরা ৫৫টি নন-ইলেকট্রিক সেল, ১৫টি ইলেকট্রিক সেল, ৫টি টিয়ার গ্যাস গ্রেনেড এবং দাঙ্গা বিরোধী বন্দুক থেকে ২ রাউন্ড গুলি ছোড়ে। ওই গুলিতে প্লাস্টিক পেলেট ব্যবহৃত হওয়ায় অন্তত চারজন গুরুতর আহত হন।এর আগে দিল্লি পুলিশ পেলেট গান ব্যবহারের অভিযোগ অস্বীকার করলেও আহত শিক্ষার্থীরা সরাসরি পেলেট বিদ্ধ হওয়ার অভিযোগ করেন। পরে আরএএফের মহাপরিদর্শক সীমা ধুন্ধিয়া এক ভার্চুয়াল বৈঠকে যন্তর মন্তরে বলপ্রয়োগকে ‘অন্যায়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দিল্লি এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেলেট গান, দাঙ্গা বিরোধী গান এবং ইলেকট্রিক শিল্ডের ব্যবহার ও ইস্যু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন। এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।এদিকে পেলেট ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেছে। একই সঙ্গে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতেও গড়িয়েছে। প্রাক্তন আইপিএস কর্মকর্তা যশবর্ধন আজাদসহ তিন ব্যক্তি আইনজীবী বৃন্দা গ্রোভারের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সব ধরনের পেলেট গান বা কাইনেটিক প্রজেক্টাইলের ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ ও বাতিলের নির্দেশনা চেয়েছেন।
সূত্র: এনডিটিভি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত