প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ঢাকার সড়কে নজরদারি জোরদারে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
মোঃ রাজিব হোসেন। ||
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির এক হাজার ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ইতোমধ্যে ৩০০ ফিট (পূর্বাচল) সড়কে এসব ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ডাইভারশন পরিদর্শনের সময় ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব ক্যামেরা বসানো হবে। তার ভাষ্য, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক) ক্যামেরার তুলনায় ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরার ব্যয় কম হওয়ায় সীমিত বাজেটের মধ্যেই দ্রুত আরও বেশি এলাকা নজরদারির আওতায় আনা সম্ভব হবে।আনিছুর রহমান জানান, এসব ক্যামেরার মেমোরি কার্ডে সরাসরি ভিডিও সংরক্ষণ করা হবে। পরে সেই ফুটেজ পর্যালোচনা করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।তিনি আরও জানান, বর্তমানে রাজধানীর ১৬টি স্থানে ৩৭টি এআই ক্যামেরা কার্যকর রয়েছে এবং সেগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে।সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমানে ১৩টি সিগন্যালে এ ব্যবস্থা চালু রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি, ভারী বৃষ্টি কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সব সময় এগুলো সচল রাখা সম্ভব হয় না।তিনি জানান, নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ৫০টি ট্রাফিক সিগন্যাল চালুর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলেই সেগুলো চালু করা হবে।সড়কে শব্দদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মো. আনিছুর রহমান। তিনি বলেন, অনেক সময় যানজট না থাকলেও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন অপ্রয়োজনে হুটার ব্যবহার করে। অতিরিক্ত শব্দদূষণ ট্রাফিক সদস্যদের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।তিনি আরও বলেন, অবৈধ হুটার, হাইড্রোলিক হর্ন এবং অবৈধ লাইট ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিন বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমানোর লক্ষ্যে ধানমন্ডি থেকে বসিলাগামী সড়কের একটি আইল্যান্ড অপসারণ করা হয়। এর ফলে তিনটি সিগন্যালের পরিবর্তে দুটি সিগন্যাল রাখা হয়েছে।ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের যানজট নিরসনের উদ্দেশ্যে এ পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় ধানমন্ডির পশ্চিম দিক থেকে আসা যানবাহন আর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ডানদিকে মোড় নিতে পারবে না। তারা ময়ূর ভিলার সামনে ইউ-টার্ন নিয়ে আসাদ গেট এলাকায় প্রবেশ করবে।তিনি বলেন, একটি সিগন্যাল কমে যাওয়ায় যানবাহনের অপেক্ষার সময় কমবে এবং এতে ওই এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে ট্রাফিক পুলিশের আশা।
সূত্র: ঢাকা টাইমস
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত