প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
মোঃ রাজিব হোসেন। ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।মঙ্গলবার (২৮ জুলাই) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া লেকচার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার আয়োজিত জুলাই স্মরণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক জ্যোতিস্বী চাকমা ও প্রভাষক কে এম আফতাবুল ইসলাম তন্ময়। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্নভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস, আত্মত্যাগ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শুধু স্মরণ করলেই হবে না; এর চেতনা বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ: এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) কলাভবনের ১০০৭ নম্বর শ্রেণিকক্ষে ‘স্মৃতিপটে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক রওশন আক্তার।চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ: এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘ফিরে দেখা জুলাই ২০২৪’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিনামূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা দেওয়া হয়। বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল করিম প্রধান অতিথি এবং আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কবি জসীম উদ্দীন হল: হল কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ২৯ জুলাই সন্ধ্যা ৬টায় জুলাই বিপ্লবকে কেন্দ্র করে উপস্থিত রচনা প্রতিযোগিতা ও বিশেষ পার্লামেন্টারি বিতর্ক, সন্ধ্যা ৭টায় জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘স্মৃতিতে ও জাগরণে জীবন্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।ক্রিমিনোলজি বিভাগ: আগামী ২৯ জুলাই দুপুর ২টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘জুলাই বিপ্লব স্মৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিভাগীয় চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত অতিথি এবং প্রক্টর মো. ইসরাফিল রতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ: আগামী ৩০ জুলাই সকাল ৯টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান অডিটোরিয়ামে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আবদুস সালাম এবং আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ।ইংরেজি বিভাগ: আগামী ৩০ জুলাই কলাভবনের ২০৮০ নম্বর কক্ষে ‘July Commemoration Programme’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন।প্রাণিবিদ্যা বিভাগ: আগামী ৩০ জুলাই সকাল ১০টায় প্রফেসর ড. মাহমুদ-উল-আমিন মিলনায়তনে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও ডকুমেন্টারি, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট: আগামী ৩ আগস্ট সকাল ১০টায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চেতনায় জুলাই গণ-অভ্যুত্থান: দায়িত্ববোধ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সূত্র: প্রতিদিনের সংবাদ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত