প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
চুয়েট শিক্ষার্থীর প্রকৌশলী হওয়ার স্বপ্ন থেমে গেল পুকুরে ডুবে
মোঃ রাজিব হোসেন। ||
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একটি পুকুরে গোসল করতে নেমে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।অর্ণব সাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফেনী জেলায়।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন অর্ণব। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে সহপাঠী ও আশপাশের শিক্ষার্থীরা প্রায় ২০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করেন।তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার বলেন, "আমরা হলের কক্ষে ছিলাম। বাইরে শোরগোল শুনে দ্রুত পুকুরপাড়ে যাই। সেখানে উপস্থিত সবার সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানি থেকে উদ্ধার করা হয়।"উদ্ধারের পর অর্ণবকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাতেই অর্ণব সাহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত