প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
এলাকার মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য’
মোঃ রাজিব হোসেন। ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তিনি বলেন, এমন আচরণের পরও স্থানীয় জনগণ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, এনসিপির নেতারা জুলাই পদযাত্রায় যে সব এলাকায় যাচ্ছেন, সেখানে বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের উদ্দেশে গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কোথাও কোথাও কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে।রাশেদ খাঁন আরও লিখেছেন, এনসিপি নেতাদের বক্তব্য শুনে তার মনে হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে ‘ভিকটিম কার্ড’ খেলার মতো একটি পরিবেশ তৈরির চেষ্টা করছেন। তার মতে, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করার পর আবার ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গালিগালাজের পর মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করা সহজ নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে শব্দের রাজনীতি করার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন।পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করেনি, এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।রাশেদ খানের এ মন্তব্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত