প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
জাপানের ভূমিকম্পে শপিংমলে আটকা বহু মানুষ
মোঃ রাজিব হোসেন। ||
জাপানের কুমামোতো শহরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একটি শপিংমলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়ার সময় সেখানে ঠিক কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছেন। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দক্ষিণ জাপানের কুমামোতো শহরে ভূমিকম্পটি আঘাত হানে। শহরটি নাগাসাকি থেকে প্রায় ৫৫ মাইল (৯০ কিলোমিটার) পূর্বে অবস্থিত। শক্তিশালী এ ভূমিকম্পে একটি মহাসড়কের সেতু বেঁকে যায় এবং অন্তত আরও একটি ভবন ধসে পড়ে।প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ জানিয়েছিল, ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেন, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি মূল্যায়নের কাজ চলমান রয়েছে।ভূমিকম্পের পরপরই উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান শুরু করেছে। ধসে পড়া শপিংমলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত