প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: শেখ রবিউল আলম
মোঃ রাজিব হোসেন। ||
জুলাইকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজের 'বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে' কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত "শাশ্বত জুলাই" শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, "জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।"তিনি আরও বলেন, জুলাই দেশের মানুষকে নতুনভাবে শাণিত, সংশোধিত ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে ওঠার শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করার শিক্ষা দিয়েছে। এ আন্দোলনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসেবে গড়ে তোলার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।শেখ রবিউল আলম বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন রাষ্ট্র ও জনগণকে আরও সমৃদ্ধ, মানসম্মত ও দক্ষ করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, জনগণের নির্বাচিত সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে এবং এ সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।ঢাকা কলেজ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানটি তাঁর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় এর প্রতি তাঁর বিশেষ দায়বদ্ধতা রয়েছে। শিক্ষা, অবকাঠামো, আবাসন ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ঢাকা কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন। একসময় সারা দেশের শিক্ষার্থীদের কাছে ঢাকা কলেজে ভর্তি হওয়া ছিল একটি স্বপ্ন।এর আগে শেখ রবিউল আলম ঢাকা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, ঢাকা কলেজের সাবেক শিক্ষক ও বর্তমান অধ্যক্ষ, সাবেক ছাত্রনেতাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ রবিউল আলম বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।সূত্র: এবং ছবি নিজস্ব প্রতিবেদন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত