প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা রাবি সাংবাদিক সংগঠনগুলোর
মোঃ রাজিব হোসেন। ||
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের নিয়ে দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি নিঃশর্ত ক্ষমা না চাইলে সাংবাদিকদের অংশগ্রহণে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেছেন সংগঠনগুলোর নেতারা।বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথভাবে এক প্রতিবাদলিপির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।প্রতিবাদলিপিতে বলা হয়, গ্রন্থাগার এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্যাগিং করা এবং হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। এতে সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়।সংগঠনগুলোর নেতারা বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতিবাদলিপি দিতে পারে কিংবা আইনি প্রতিকার চাইতে পারে। তবে একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দেওয়া বা ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বাধীন সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, কোনো সংগঠন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার। ছাত্র সংসদ বা এর কোনো প্রতিনিধির সেই দায়িত্ব নেই।এ অবস্থায় ভিপি নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সাংবাদিক সংগঠনের সদস্যরা রাকসুর সব ধরনের কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ ও প্রকাশ থেকে বিরত থাকবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।টেলিভিশন সাংবাদিকদের উদ্বেগ ও নিন্দাএকই ঘটনায় পৃথক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। বুধবার বিকেলে দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরা। কোনো সংবাদ সত্য ও তথ্যভিত্তিক হলে, তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেও সেটি সাংবাদিকতারই অংশ।আরটিজেএ নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মতো বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যের ব্যাখ্যা দেবেন বলেও প্রত্যাশা প্রকাশ করেন।
সূত্র: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত