প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
বাউফলে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম
||
পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে (৪০) মারধর করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ফারুক হোসেনের বিরুদ্ধে এক গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তবে উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন প্যাদা। তার দাবি, পূর্বশত্রুতার জেরে তার বিরুদ্ধে মিথ্যা রটনা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, "স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন আমার ওপর হামলা চালিয়েছে। তারা আমার সাথে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। কোনো নারী আমার বিরুদ্ধে অভিযোগ করেননি, অথচ মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করা হয়েছে।"অন্যদিকে, ভুক্তভোগী গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম অভিযোগ করে বলেন, "ফারুক দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে কুপ্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পূর্বে সালিশ-বৈঠক হলেও সে ক্ষান্ত হয়নি।" তবে এ বিষয়ে ওই গৃহবধূর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত