প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৭ জনের
মোঃ রাজিব হোসেন। ||
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ অভিযানে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, গভীর শোকের সঙ্গে তারা প্রদেশে সংঘটিত হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছেন, যেখানে দুর্ভাগ্যজনকভাবে সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক সুরক্ষা কর্মী রয়েছেন।আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রা মন্টেওলিভা বলেন, এই শোকাবহ মুহূর্তে তিনি নিহতদের পরিবারের সদস্য এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছেন।জরুরি সেবা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার সকালে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।হেলিকপ্টারটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে দাবানলের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।এ দুর্ঘটনার পর সান হুয়ানের স্থানীয় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।আয়তনে প্রায় অস্ট্রিয়ার সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা সপ্তাহের শুরু থেকেই পার্বত্য এলাকায় একাধিক দাবানলের সঙ্গে লড়াই করছে। স্থানীয় দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন, মাত্র তিন দিনেই শত শত হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে।
সূত্র: এনডিটিভি।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত