প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
বাবার দাফন শেষে এইচএসসি পরীক্ষার হলে আয়েশা
মো:এমরান আলী, স্টাফ রিপোর্টার ||
নওগাঁর পত্নীতলায় বাবার মৃত্যুশোকের মধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌ। বাবার দাফন সম্পন্ন করে চোখের জল নিয়েই তিনি পরীক্ষার হলে বসেন।বুধবার (২৯ জুলাই) জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় নজিপুর মহিলা কলেজ কেন্দ্রে অংশ নেন আয়েশা। তিনি পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসজনিত রোগে মারা যান আয়েশার বাবা মিজানুর রহমান। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।পরিবারের সদস্যরা জানান, মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন মিজানুর রহমান। তাই পরিবারের পরামর্শে বাবার শেষ বিদায় জানিয়ে পরীক্ষা কেন্দ্রে যান আয়েশা, যাতে তার পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে।মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।স্থানীয়দের ভাষ্য, এমন শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। তবে বাবার স্বপ্ন পূরণের প্রত্যয় থেকেই আয়েশা পরীক্ষায় অংশ নেন।পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, পরীক্ষার সময় একজন শিক্ষার্থীর বাবাকে হারানো অত্যন্ত বেদনাদায়ক। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত