প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
সিলেটে সারজিস আলমের গাড়িতে আবারও হামলার অভিযোগ এনসিপির
মোঃ রাজিব হোসেন। ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও হামলার অভিযোগ তুলেছে দলটি।বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এ ঘটনা ঘটে।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সিলেটে ফেরার পথে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।”অন্যদিকে, সারজিস আলমও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, “দ্বিতীয় দফায় বিএনপির সন্ত্রাসীরা সিলেটের পাঁচ মাইল বাজার এলাকায় আমাদের ওপর আবার হামলা করেছে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?”এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবারও আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করা হয়েছে।”এদিকে, সিলেট জেলা পুলিশ জানিয়েছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে কানাইঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এনসিপি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতারা।সূত্র: আমার দেশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত