প্রিন্ট এর তারিখ : ৩০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
প্রচণ্ড ঝড়ো বাতাসে যমুনায় শতাধিক যাত্রীবাহী নৌকা বিপদে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মো কালাচান মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) ||
বগুড়ার সারিয়াকান্দি থেকে সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা-সংকরপুর নৌপথে চলাচলকারী একটি যাত্রীবাহী নৌকা প্রায় শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে ভয়াবহ ঝড়ো বাতাসের কবলে পড়ে। যাত্রীদের ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড দমকা হাওয়ায় যমুনা নদী উত্তাল হয়ে ওঠায় নৌকাটি কিছু সময়ের জন্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। তবে মাঝির দক্ষতা ও যাত্রীদের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটিতে প্রায় ২০ থেকে ২৫ জন শিশু, প্রায় ৩০ জন নারী এবং বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি ছিলেন। আকস্মিক বৈরী আবহাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নৌকাটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।ঘটনাকালে নৌকায় উপস্থিত ছিলেন বোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান দুলাল, বোহাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মফিজ মুন্সি, বোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ চান মিয়াসহ এলাকার আরও অনেক যাত্রী।এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সারিয়াকান্দি থেকে মাদারগঞ্জ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তাদের দাবি, প্রতিদিন দুই জেলার হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করেন। একটি সেতু নির্মিত হলে যাতায়াত হবে নিরাপদ, সহজ ও দ্রুত; পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল-এর প্রতি দ্রুত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত