প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে ইসলাম ও আরব স্টাডিজ পড়াতে নতুন কারিকুলাম প্রণয়নের উদ্যোগ
মোঃ রাজিব হোসেন। ||
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে নতুন একটি আইন কার্যকর হয়েছে। এ আইনের আওতায় স্কুলগুলোতে ইসলাম ও আরব স্টাডিজ পড়ানোর জন্য পাঠ্য কারিকুলাম প্রণয়ন করবে স্টেট শিক্ষা বোর্ড।সম্প্রতি কার্যকর হওয়া এ আইনটি একটি বৃহৎ বিলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্টেট বোর্ড অব এডুকেশন (এসবিই)-কে ইসলাম ও আরব স্টাডিজ বিষয়ে কারিকুলাম তৈরি করে স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুলগুলোকে এসব বিষয় পাঠদানে উৎসাহিত করার কথাও বলা হয়েছে।তবে এই কারিকুলাম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক নয়। কোনো স্কুল চাইলে নিজেদের পাঠ্যক্রমে এসব বিষয় সংযুক্ত করতে পারবে।এর আগে কানেকটিকাটে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়েও একই ধরনের পাঠ্যক্রম প্রণয়নের বিধান রয়েছে।নতুন এ আইনকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, এর অর্থ এই নয় যে আগামী বছর থেকেই সব স্কুলে আরবি বা ইসলামিক স্টাডিজ পড়ানো হবে। তবে কোনো স্কুল চাইলে স্টেটের তৈরি করা পাঠ্যক্রম ব্যবহার করে এসব বিষয় পড়াতে পারবে।এদিকে একই বিলের আরেকটি ধারায় সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও স্কুলকর্মীদের ওপর ইহুদিবিদ্বেষের প্রভাব-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নির্দেশনা ও সহায়ক উপকরণ প্রস্তুত করবে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত