প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
মির্জাপুরে সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টার অভিযোগ, গণপিটুনিতে নিহত ১
মোঃ রাজিব হোসেন। ||
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে শুকুর আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।শুক্রবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা এলাকায় নির্মাণাধীন রোড অপারেশনাল ইউনিটে এ ঘটনা ঘটে।নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে করে ৬ থেকে ৭ জন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা খোকন শেখ বাধা দেন। এ সময় তাকে মারধর করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শুকুর আলীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা ৫ থেকে ৬ জন পিকআপে করে পালিয়ে যায়।আহত নিরাপত্তাকর্মী খোকন শেখকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, তার মাথায় আঘাত লেগেছে এবং সেখানে সেলাই দিতে হয়েছে।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলী ওই প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নিহত হন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে।তবে ঘটনাটি ডাকাতির চেষ্টা ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত