প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের
মোঃ রাজিব হোসেন। ||
যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার প্রতিক্রিয়ায় কুয়েতের আল-জাবের এবং বাহরাইনের শেখ ঈসা মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান।ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে ‘অপারেশন সায়েকেহ (বজ্রপাত)’–এর ২৭তম ধাপের অংশ হিসেবে কুয়েতের আল-জাবের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন বিমান হামলার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, আল-জাবের বিমানঘাঁটিতে লোইটারিং (আত্মঘাতী) ড্রোন ব্যবহার করে বিমান আশ্রয়কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের বিমান ও নজরদারি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর লজিস্টিক সহায়তার অন্যতম প্রধান ঘাঁটি।অন্যদিকে, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে উন্নত ধ্বংসাত্মক ড্রোন দিয়ে পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম এবং প্রশাসনিক সহায়তা ভবন রয়েছে।ইরান দাবি করেছে, শেখ ঈসা বিমানঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনা। এটি মার্কিন গোয়েন্দা নজরদারি বিমানের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং হেলিকপ্টার ও ড্রোনের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও সরবরাহের একটি বড় কেন্দ্র।ইরানের দাবি অনুযায়ী, জুলাইয়ের শুরু থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে। এর জবাবে ‘অপারেশন নাসর-২’ এবং ‘অপারেশন সায়েকেহ’-এর আওতায় অঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্ট আগ্রাসনের’ বিরুদ্ধে দেশের প্রতিরক্ষায় অংশ নিয়ে নিহত ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মৃত্যুর প্রতিশোধ নিতেও এই হামলা চালানো হয়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত