প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধের অবসানের পথ খুঁজতে গিয়ে দ্বিমুখী চাপে ট্রাম্প
মোঃ রাজিব হোসেন। ||
ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির পথ খুঁজতে গিয়ে ভিন্নমুখী অবস্থানের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে মিত্র দেশগুলোর একটি অংশ দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে, অন্যদিকে আরেক পক্ষ সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে মত দিচ্ছে।সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছেন। রিয়াদের অবস্থান হলো, সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। তাদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিপরীতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে আলোচনার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেন এবং সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।দীর্ঘায়িত এই সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও উদ্বেগ বাড়িয়েছে। তেলের দাম বৃদ্ধি এবং চলমান সহিংসতার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে দলটির অনেক নেতা আশঙ্কা করছেন। সম্প্রতি সিএনএনের এক জরিপে দেখা যায়, ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক।যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, শুধু বিমান হামলার মাধ্যমে যুদ্ধের সব লক্ষ্য অর্জন সম্ভব নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জামও কমে আসছে। এছাড়া বেসামরিক মানুষের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার বিষয়ে ট্রাম্প সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন।এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাব বাড়ায় কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জেরার্ড কুশনার চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী থাকলেও, ইরানের বহুমাত্রিক নেতৃত্ব কাঠামোর কারণে স্থায়ী সমঝোতা বিলম্বিত হচ্ছে। বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে স্বল্পমেয়াদি একটি সমঝোতার চেষ্টা চলছে।
সূত্র: সিএনএন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত